কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় জেলে, পুলিশ সদস্যও জড়িত!
ঢাকা-কুড়িগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। মামলায় দুই পুলিশ সদস্যসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে ভ্রমণ করছিলেন ওই নারী। চলন্ত ট্রেনের ক্যান্টিনে তাকে কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তার চিৎকার শুনে অন্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের বাসিন্দা। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক, ওই ট্রেনে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক দুলাল উদ্দিন জানান, ৩০ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে। ৩১ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।